দেশের রাজনীতিতে এখন বইছে নতুন হাওয়া। শপথ নিয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সংসদ সদস্যরা, আর তার রেশ কাটতে না কাটতেই সম্পন্ন হলো মন্ত্রিসভার শপথ। এই মন্ত্রিসভার অন্যতম চমক এবং অভিজ্ঞ মুখ হলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেওয়া হয়েছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
পুরোনো দপ্তরে নতুন মিশন
ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্য এই মন্ত্রণালয়টি একেবারেই নতুন নয়। এর আগে ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনও তিনি একই বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ, প্রায় ২০ বছর পর তিনি আবারও সেই চেনা প্রাঙ্গণে ফিরলেন, তবে এবার পূর্ণ মন্ত্রী হিসেবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন তিনি। বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় তার আগের অভিজ্ঞতা এবার কতটা কাজে লাগে, সেটাই এখন দেখার বিষয়।


